ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হটস্টার গত বছর বিশ্বের অন্যতম কোম্পানি ডিজনীর সঙ্গে হাত মেলানোর পর এর জনপ্রিয়তা আর বেড়ে ওঠে মার্ভেল ও ডিজনীর বিভিন্ন শো ও ফিল্ম এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বাড়ানোর প্রধান কারণ। এরপর পরপর দুই বছর করোনা মহামারির কারণে একদিকে যেমন সাধারণ মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে তেমনই বন্ধ হয়ে রয়েছে সিনেমা হল সহ বিভিন্ন বিনোদনের মাধ্যম। এর ফলেও মানুষ মনোরঞ্জনের জন্য নির্ভরশীল হয়ে পড়েছে ডিজনী+ হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলির ওপর।
ডিজনী+ হটস্টারের যুগলবন্দীর পর থেকে মূলত ভিআইপি এবং প্রিমিয়াম এই দুটি মেম্বারশিপ অপশন চালু করা হয়েছিল। রিলায়েন্স জিও, এয়ারটেল সহ অন্যান্য টেলিকম কোম্পানির বিভিন্ন রিচার্জের সঙ্গে ডিজনী+ হটস্টারের ভিআইপি মেম্বারশিপ বিনামূল্যেও দিতে দেখা গেছে। কিন্তু আজ থেকে এই প্রথার সমাপ্তি ঘটিয়ে কোম্পানি নিয়ে এসেছে নতুন মেম্বারশিপ প্ল্যান। তবে জানিয়ে রাখি যেসব ইউজারদের আগে থেকে কোনো সাবস্ক্রিপশন নেওয়া আছে তাদের পুরোনো মেম্বারশিপ শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন প্ল্যান নেওয়ার দরকার নেই। প্রসঙ্গত আগে ভিআইপি প্ল্যানের জন্য দাম দিয়ে প্রিমিয়াম কন্টেন্ট দেখা যেত না, তার খরচ আরও বেশি। কিন্তু নতুন নিয়মে প্রতিটি প্ল্যানেই সমস্ত কন্টেন্ট দেখা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ডিজনী+ হটস্টারের নতুন প্ল্যানগুলি সম্পর্কে।
Disney+ Hotstar এর 499 টাকার Mobile প্ল্যান
এটি বর্তমানে কোম্পানির সবচেয়ে সস্তা প্ল্যান। 499 টাকা দাম মিটিয়ে ইউজাররা এক বছরের জন্য ডিজনী+ হটস্টারের সমস্ত কন্টেন্ট উপভোগ করতে পারবেন। এই প্ল্যানের জন্য দাম দিয়ে ইউজাররা একটি মাত্র ডিভাইসে এই পরিষেবা উপভোগ করতে পারবেন, তবে এই প্ল্যান টিভি বা ল্যাপটপের ক্ষেত্রে বৈধ নয়। নাম থেকেই বোঝা যাচ্ছে প্ল্যানটি শুধুমাত্র মোবাইল ডিভাইসের জন্য কার্যকর। এই প্ল্যানে কন্টেন্ট দেখার সময় বিজ্ঞাপনও দেখতে হবে। জানিয়ে রাখি এই প্ল্যানে সর্বোচ্চ 720 পিক্সেল অর্থাৎ এইচডি রেজলিউশনে এবং স্টেরিও কোয়ালিটির অডিওর সঙ্গে কন্টেন্ট দেখা যাবে।
Disney+ Hotstar এর 899 টাকার Super প্ল্যান
এই প্ল্যানে ইউজাররা যে কোনো ধরনের দুটি ডিভাইসে একসঙ্গে Disney+ Hotstar এর সমস্ত কন্টেন্ট দেখতে পারবেন। এক্ষেত্রে মোবাইল, ল্যাপটপ বা টিভির কোনো বাধ্যবাধকতা নেই। এই প্ল্যানেও শো চলাকালীন বিজ্ঞাপনের ঝামেলা পোহাতে হবে। তবে এই প্ল্যানটি বাছাই করলে ইউজাররা 1080 পিক্সেল অর্থাৎ ফুল এইচডি কোয়ালিটির ভিডিও ও ডলবী 5.1 অডিও উপভোগ করতে পারবেন।
Disney+ Hotstar এর 1,499 টাকার Premium প্ল্যান
Disney+ Hotstar এর নতুন 1,499 টাকা দামের এই ফ্ল্যাগশিপ প্ল্যানে ইউজাররা একসাথে চারটি ডিভাইসে প্ল্যাটফর্মের সমস্ত কন্টেন্ট উপভোগ করতে পারবেন। এই প্ল্যানটিও মোবাইল ফোনের পাশাপাশি ল্যাপটপ ও টিভিতে অ্যাকসেস করা যাবে। তবে এই প্ল্যানের সবচেয়ে বড় বিশেষত্ব হল এই প্ল্যানটি রিচার্জ করে কোনো শো উপভোগ করার সময় বিরক্তিকর বিজ্ঞাপন সইতে হবে না। এই প্ল্যানে সর্বোচ্চ 2160 পিক্সেল অর্থাৎ 4কে রেজলিউশনে ভিডিও এবং ডলবী 5.1 কোয়ালিটির অডিও পাওয়া যাবে।
NOTE: উপরোক্ত প্ল্যানগুলির সাবস্ক্রিপশনের জন্য একবার দাম দিলে তা এক বছর কার্যকর থাকবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
