Home খবর 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite চিপ সহ লঞ্চ হল Motorola Razr 70, 70 Plus এবং Ultra স্মার্টফোন

5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite চিপ সহ লঞ্চ হল Motorola Razr 70, 70 Plus এবং Ultra স্মার্টফোন

Motorola বাজারে তাদের ফ্লিপ-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোনের নতুন অপশন নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে এবার শুধুমাত্র আপগ্ৰেড নয়, বরং সিরিজের পরিধি বিস্তার করে গ্লোবাল মার্কেটে এক সঙ্গে তিনটি স্মার্টফোন পেশ করা হয়েছে। কোম্পানি Motorola Razr 70, Motorola Razr 70 Plus এবং Motorola Razr 70 Ultra নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে Razr 70 Plus ফোনটি এই সিরিজের নতুন সংযোজন এবং এই ফোনটি ভ্যানিলা ও Ultra মডেলের মাঝের অপশন হিসাবে পেশ করা হয়েছে। এর ফলে ইউজাররা এবার থেকে তিনটি অপশন পাবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির ডিটেইলস সম্পর্কে।

ডিজাইনের দিক থেকে কোম্পানির পক্ষ থেকে এবার খুব বেশি পরিবর্তন করা হয়নি। কোম্পানি তাদের ক্ল্যামশেল ফোল্ডেবল ডিজাইন বজায় রেখেছে, তবে আলাদা আলাদা কালার এবং টেক্সচার ফিনিশ সহ ফ্রেশ লুক পাওয়া যাবে। এই ফোনগুলির মধ্যে Motorola Razr 70 Plus এবং Ultra ফোনদুটি ফোল্ড করলে প্রায় একই রকম দেখায়। এই দুটি ফোনেই 4-ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়া হয়েছে এবং Razr 70 ফোনে 3.63-ইঞ্চির এক্সটার্নাল ডিসপ্লে যোগ করা হয়েছে।

ফোন আনফোল্ড করলে Razr 70 Ultra ফোনে 6.96 ইঞ্চির ডিসপ্লে পাওয়া যায়। অপরদিকে Razr 70 এবং Razr 70 Plus ফোনে 6.90-ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এর মধ্যে ভ্যানিলা মডেলের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3000nits ব্রাইটনেস সাপোর্ট করে। প্লাস মডেলে 165Hz রিফ্রেশ রেট এবং 3000nits ব্রাইটনেস সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া সিরিজের আল্ট্রা মডেলের ডিসপ্লে 165Hz রিফ্রেশ রেট এবং 5000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এর ফলে দারুণ গেমিং এবং স্ক্রলিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

প্রসেসিঙের দিক থেকে এই তিনটি স্মার্টফোন আলাদা আলাদা সেগমেন্টে পেশ করা হয়েছে। Razr 70 ফোনে MediaTek Dimensity 7450X প্রসেসর যোগ করা হয়েছে, যা দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট। Razr 70 Plus ফোনে Snapdragon 8s Gen 3 প্রসেসর রয়েছে, যা সুন্দর পারফরমেন্স দিতে সক্ষম। এছাড়া Ultra মডেলে Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে, যা সাধারণত ফ্ল্যাগশিপ ডিভাইসে ব্যাবহার করা হয়।

ব্যাটারির দিক থেকে Ultra মডেল সবচেয়ে এগিয়ে। এই ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এক‌ইভাবে Razr 70 ফোনে 4800mAh ব্যাটারি রয়েছে এবং Razr 70 Plus ফোনে 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Plus মডেলের ব্যাটারি অপেক্ষাকৃত ছোট হলেও গোটা দিন ব্যাক‌আপ দিতে সক্ষম।

ফটোগ্রাফির জন্য এই তিনটি ফোনেই 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। তবে Ultra মডেলে বিশেষ LOFIC সেন্সর রয়েছে, যা সুন্দর ডায়নামিক রেঞ্জ এবং ফাস্ট ক্যাপচার করতে পারে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Ultra মডেলে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, অপরদিকে Razr 70 এবং Plus ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

এই তিনটি ফোনই Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে বিভিন্ন moto AI ফিচার রয়েছে। এই ফোনটি Google Gemini, Microsoft Copilot এবং Perplexity এর মতো বিভিন্ন AI টুল সাপোর্ট করে। এছাড়াও ক্যামেরার ক্ষেত্রে wrist-twist zoom এবং Frame Match ফিচার দেওয়া হয়েছে।

Razr 70 ফোনটির স্টার্টিং প্রাইস €869 (প্রায় 96,000 টাকা) রাখা হয়েছে। Razr 70 Plus ফোনটির প্রাথমিক দাম €1,049 (প্রায় 1,16,531 টাকা) এবং এই ফোনের 512GB ভেরিয়েন্ট €1,149 অর্থাৎ প্রায় 1,27,640 টাকা দামে পেশ করা হয়েছে। সিরিজের Razr 70 Ultra ফোনের দাম রাখা হয়েছে €1,399 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 1,55,410 টাকা। আমেরিকায় আগামী 14 মে থেকে এই ফোনগুলির প্রিবুকিং শুরু হবে এবং সেল শুরু হবে 21 মে থেকে। এর কিছু দিন পর থেকে Motorola Razr 70 সিরিজের ফোনগুলি ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলিতে সেল করা হবে।

যেসব ইউজাররা এই ফ্লিপ-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোনে স্টাইল, পারফরমেন্স এবং AI ফিচার পেতে চান তাদের জন্য কোম্পানির নতুন Razr 70 সিরিজ আদর্শ অপশন। প্রিমিয়াম স্মার্টফোন ইউজারদের মধ্যে Ultra মডেল এবং মিড রেঞ্জ সেগমেন্টে Razr 70 Plus মডেলটি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠতে পারে।