আজ ভারতের বাজারে OnePlus তাদের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে। কোম্পানির পক্ষ থেকে মাত্র 18,999 টাকা দামে OnePlus N6x 5G ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনটি কোম্পানির সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন এবং এতে 7000mAh ব্যাটারি ও 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লের মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। নতুন OnePlus N6x 5G ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OnePlus N6x 5G ফোনের দাম
কোম্পানির পক্ষ থেকে OnePlus N6x 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 4GB RAM + 64GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 18,999 টাকা। অপরদিকে ফোনটির 4GB RAM + 128GB Storage সহ টপ মডেল 20,999 টাকা দামে পেশ করা হয়েছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 1500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে যথাক্রমে 17,499 টাকা এবং 19,499 টাকা। এই ফোনটি আগামী 4 আগস্ট থেকে Ice Blue এবং Burgundy Red কালার অপশনে সেল করা হবে।
OnePlus N6x 5G ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটি Android 16 বেস্ড OxygenOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OnePlus N6x 5G ফোনে MediaTek Dimensity 6360 Apex চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 577250 AnTuTu Score পেয়েছে। এই ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm VC চেম্বার যোগ করা হয়েছে।
OnePlus N6x 5G ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Aqua Touch টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে ভেজা ও পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।
ফটোগ্রাফির জন্য OnePlus N6x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি 10x ডিজিটাল জুম সাপোর্ট করে।
OnePlus N6x 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে সাধারণ ব্যাবহারের ক্ষেত্রে 2.5 দিন ব্যাটারি লাইফ উপভোগ করা যাবে।
কোম্পানি জানিয়েছে OnePlus N6x 5G ফোনে Super Power Saving Mode অন করলে মাত্র 1% ব্যাটারিতেও 54 মিনিট কলিং করা যাবে এবং প্রায় 8 ঘন্টা পর্যন্ত টকটাইম উপভোগ করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
OnePlus N6x 5G ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে ArmorShell প্রোটেকশন যোগ করা হয়েছে। এর ফলে ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে।
