গত মাসে রিয়েলমি গ্লোবাল বাজারে তাদের realme C100 4G এবং realme C100 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই সিরিজের অধীনে realme C100x স্মার্টফোন পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই 4G ফোনটি ইন্দোনেশিয়াতে লঞ্চ করা হয়েছে। 8000mAh ব্যাটারি সহ এই ফোনটিতে Dynamic RAM এর সাহায্যে 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
realme C100x 4G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফুল চার্জে সাধারণ ব্যাবহারের ক্ষেত্রে এই ফোনে 3 দিন ব্যাকআপ পাওয়া যাবে। মাত্র 1% ব্যাটারিতেও এই ফোনে আধ ঘন্টা কলিং বা 8 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম উপভোগ করা যাবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী realme C100x 4G ফোনে 7 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। মাত্র 5 মিনিট চার্জ করে এই ফোনে 4 ঘন্টা পর্যন্ত কল করা যাবে বলে জানা গেছে। এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যায়।
realme C100x 4G ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ স্টাইলের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 254ppi পিক্সেল ডেনসিটি এবং 900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে আর্মারশেল গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
এই ফোনটি Android 16 বেস্ড realme UI অপারেটিং সিস্টেমে কাজ করে। realme C100x 4G ফোনে প্রসেসিঙের জন্য Unisoc T7250 চিপসেট রয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.0GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G57 GPU দেওয়া হয়েছে।
realme C100x 4G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সেকেন্ডারি 50MP AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি যোগ করা হয়েছে, যা 2 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য realme C100x 4G ফোনে IP64 রেটিং রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi, Bluetooth 5.2, 3.5mm হেডফোন জ্যাক এবং OTG দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে NEXT Ai যোগ করা হয়েছে।
ইন্দোনেশিয়ার মার্কেটে realme C100x 4G ফোনটি 6GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলের দাম রাখা হয়েছে Rp 3.199.000 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 17,399 টাকা। একইভাবে এই ফোনের 6GB RAM + 256GB Storage টপ মডেল Rp 3.599.000 অর্থাৎ প্রায় 19,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ইন্দোনেশিয়াতে এই ফোনটি Deepblue Tides এবং Golden Coast কালার অপশনে সেল করা হবে।
