বর্তমানে স্মার্টফোনের স্পেসিফিকেশন অ্যাডভান্স হওয়ার পাশাপাশি বেড়ে চলেছে মোবাইল গেমিঙের জনপ্রিয়তা। তাই এখন বেশিরভাগ স্মার্টফোন কোম্পানি তাদের ফোনের গেমিং এক্সপেরিয়েন্স আরও উন্নত করে তোলার জন্য শক্তিশালী স্পেসিফিকেশনযুক্ত গেমিং স্মার্টফোন লঞ্চ করছে। এই সেগমেন্টে আসুস, শাওমি, রিয়েলমি ও ওয়ানপ্লাসের পর এবার ওপ্পোও নতুন গেমিং স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। একটি নতুন লিক রিপোর্ট থেকে জানা গেছে খুব তাড়াতাড়ি ওপ্পো গেমিং স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এবিষয়ে অফিসিয়ালিকিছু বলা হয়নি তবে আমাদের কাছে ওপ্পোর এই আপকামিং গেমিং স্মার্টফোন সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য আছে।
OPPO গেমিং ফোনের ডিজাইন
EUIPO অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে ফাইল করা একটি পেটেন্টের মাধ্যমে ওপ্পোর এই আগামী গেমিং স্মার্টফোনের কথা জানা গেছে। তবে এই ফোনটির মডেল নাম্বার বা নাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পেটেন্ট ফাইল থেকে এই আপকামিং ফোনের ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়। ডিজাইন দেখে জানা গেছে এই ফোনটি অনেকটা ASUS ROG Phone 5 এবং Lenovo Legion 2 Pro এর মতো দেখতে হবে।
ওপ্পোর আগামী গেমিং ফোনের ছবি দেখে জানা গেছে এই ফোনে অন্যান্য গেমিং ফোনের মতোই সেলফি ক্যামেরার জন্য নচ বা পাঞ্চ হোল কাটআউট কিছুই থাকবে না। ফোনের ডিসপ্লের ওপরের দিকে কিছুটা চওড়া বেজল দেওয়া হতে পারে এবং এতেই ফ্রন্ট ক্যামেরা সহ অন্যান্য সেন্সর থাকবে বলে মনে করা হচ্ছে। এই ফোনের ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এছাড়া ব্যাক প্যানেলে ইউনিক ডিজাইন প্যাটার্ন থাকতে পারে।
এখনও পর্যন্ত এই আগামী ফোনটি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। এই ফোনে মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হবে না কি এটি স্ন্যাপড্রাগন চিপসেটে রান করবে সেবিষয়ে কোম্পানি কিছু জানায়নি। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। তবে নিশ্চিত ভাবে বলা যায় ফোনটিকে মার্কেটে এসেই ASUS ROG Phone 5, Redmi K40, OnePlus 9R এবং Lenovo Legion 2 Pro এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
