Home খবর Jio Phone-এর প্ল্যান এবার চলবে সমস্ত 4G ফিচার ফোনে! Lava, Nokia ও itel মোবাইলেও রিচার্জ করা যাবে 123 টাকার প্ল্যান

Jio Phone-এর প্ল্যান এবার চলবে সমস্ত 4G ফিচার ফোনে! Lava, Nokia ও itel মোবাইলেও রিচার্জ করা যাবে 123 টাকার প্ল্যান

ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তাদের জিওফোন এক্সক্লুসিভ প্ল্যানগুলির ক্ষেত্রে বড়সড় পরিবর্তন ঘটিয়েছে। এতদিন এইসব প্ল্যান শুধুমাত্র JioPhone এবং JioBharat ডিভাইসের জন্য‌ই কার্যকর ছিল, তবে এখন থেকে অন্যান্য কোম্পানির 4G ফোনেও এই প্ল্যান রিচার্জ করা যাবে। রিলায়েন্স জিও তাদের এইসব সস্তা রিচার্জ প্ল্যান Lava, itel এবং Nokia (HMD) এর মতো অন্যান্য কোম্পানির কোম্পানির জন্য‌ও জারি করে দিয়েছে। অর্থাৎ এবার যে কোনো কোম্পানির 4G ফিচার ফোনে এই প্ল্যান রিচার্জ করা যাবে।

ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI এর নির্দেশ পাওয়ার পর রিলায়েন্স জিও এই সিদ্ধান্ত নিয়েছে। ট্রাই জানিয়েছিল ট্যারিফ প্ল্যান শুধুমাত্র কিছু ডিভাইসের জন্য সীমিত রাখা হলে তা বাজারে অসামঞ্জস্য তৈরি করতে পারে। TRAI এর বক্তব্য অনুযায়ী দেশের সমস্ত গ্ৰাহকদের এক দামে এক‌ই ধরনের সার্ভিস পাওয়া উচিৎ। এই নির্দেশের পর জিওফোন এক্সক্লুসিভ প্ল্যানগুলি অন্যান্য কোম্পানির জন্য‌ও পেশ করা হয়েছে।

Reliance Jio এমন কিছু সস্তা রিচার্জ প্ল্যান পেশ করেছিল যা শুধুমাত্র Jio Phone এবং Jio Bharat ডিভাইসেই রিচার্জ করা যেত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল কোম্পানির 123 টাকা দামের প্ল্যান এবং এই প্ল্যানে কলিং, ডেটা ও এস‌এম‌এস বেনিফিট পাওয়া যায়। এখন লাভা, আইটেল ও নোকিয়া অর্থাৎ এইচ‌এমডি ফোনে এই প্ল্যান উপভোগ করা যাবে।

জানিয়ে রাখি রিলায়েন্স জিও মাত্র 123 টাকায় টেলিকম বেনিফিট দিলেও, Airtel ও Vi এর মতো অন্যান্য কোম্পানির সবচেয়ে সস্তা 4G প্ল্যানের দাম শুরু হয় 200 টাকা থেকে। এত দিন জিওফোন এবং জিও ভারত মোবাইল ইউজাররা 123 টাকা দামের প্ল্যান রিচার্জ করতে পারলেও অন্যান্য কোম্পানির ফোন ব্যাবহারকারীদের বাধ্য হয়েই দামী প্ল্যান রিচার্জ করতে হত।

এবার থেকে যে কোনো 4G এনেবলড কীপ্যাড ফোন অর্থাৎ বাটন ফোনে 123 টাকা দামের প্ল্যান রিচার্জ করা যাবে। বর্তমানে 5G যুগ চললেও আজ‌ও ভারতের ফিচার ফোন মার্কেট যথেষ্ট বড়। ভারতে আজকের দিনে দাঁড়িয়েও কয়েক মিলিয়ন ইউজার 4G ফিচার ফোন ব্যাবহার করেন। এর মধ্যে Jio Phone ও Jio Bharat ফোনে শুধুমাত্র রিলায়েন্স জিও নেটওয়ার্ক ব্যাবহার করা যায়, তবে Lava, itel ও Nokia ব্র্যান্ডের ফোনে যে কোনো কোম্পানির সিম চালানো যায়।

কোম্পানির 123 টাকা দামের এই সস্তা প্রিপেইড প্ল্যানটিতে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা দেশের যে কোনো নাম্বারে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। এই প্ল্যানে প্রতিদিন 0.5GB করে ডেটা দেওয়া হয়। এই ডেটা 4G স্পীডে কাজ করে। এছাড়াও এই প্ল্যানে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 300 ফ্রি SMS পাওয়া যায়। আবারও জানিয়ে রাখি এখন থেকে যে কোনো কোম্পানির 4G ফিচার ফোনে এই প্ল্যান রিচার্জ করা যাবে।