ভারত আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল বাজারগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। গোটা বিশ্বে সমস্ত মোবাইল ব্র্যান্ড ও টেক কোম্পানির নজর দীর্ঘদিন ধরে এই মার্কেটের ওপর রয়েছে এবং সব কোম্পানিই চায় এখানে বিনিয়োগ করতে। তবে গত কয়েক মাস এই মার্কেট যথেষ্ট চরাই উতরাইয়ের সম্মুখীন হয়েছে। একদিকে যেমন করোনা ভাইরাসের প্রকোপে গোটা দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে তেমনই জ্বলতে থাকা অ্যান্টি চায়নার বিক্ষোভ চীনা মোবাইল কোম্পানিগুলিকে ক্ষতিগ্রস্ত করেছে। এতকিছুর প্রভাব এতটাই মারাত্মক হয়েছে যে দেশের স্মার্টফোন মার্কেটের অবস্থা 50 শতাংশেরও বেশি লোকসানে চলছে।
ভারতীয় মোবাইল মার্কেট সম্পর্কে রিসার্চ ফার্ম আইডিসি একটি বিস্তারিত রিপোর্ট পেশ করেছে। আইডিসি এই বছরের দ্বিতীয় কোয়ার্টারের রিপোর্ট জারি করেছে যেখানে এপ্রিল, মে ও জুন মাসে ভারতে মোবাইল লেনদেন ও শিপমেন্ট সম্পর্কে সবিস্তারে বলা হয়েছে। রিপোর্টে এই বছর ও গত বছরের দ্বিতীয় কোয়ার্টারের তুলনা করা হয়েছে। এই তুলনা থেকে জানা গেছে গত বছরের তুলনায় এই বছর স্মার্টফোনের শিপমেন্ট 50.6 শতাংশ শিপমেন্ট কমে গেছে। এই বছর তিন মাসে 182 লক্ষ ইউনিট মোবাইল ভারতে শিপড করা হয়েছে।
টপ 5 ব্র্যান্ড
আগের মতোই এবারও Xiaomi ভারতের টপ 5 স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে প্রথম স্থানে রয়েছে। এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে শাওমির কাছে 29.4 শতাংশ মার্কেট শেয়ার আছে। শাওমিকে ক্রমাগত টক্কর দিয়ে Samsung এই লিস্টের দ্বিতীয় জায়গায় আছে। দ্বিতীয় কোয়ার্টারে স্যামসাঙের কাছে ছিল 26.3 শতাংশ মার্কেট শেয়ার। প্রসঙ্গত জানিয়ে রাখি গত বছর দ্বিতীয় কোয়ার্টারে শাওমির কাছে 28.4% এবং স্যামসাঙের কাছে 25.2% মার্কেট শেয়ার ছিল।
এই লিস্টের তৃতীয় নাম Vivo। গত বছর কোম্পানির কাছে 15.1% মার্কেট শেয়ার ছিল যা এই বছর বেড়ে 17.5% হয়ে গেছে। একইভাবে 9.8% মার্কেট শেয়ার নিয়ে Realme চতুর্থ স্থান পেয়েছে। প্রসঙ্গত রিয়েলমি একমাত্র ব্র্যান্ড যার শিপমেন্টে খুব একটা পার্থক্য দেখা যায়নি। লিস্টের পঞ্চম স্থানে রয়েছে OPPO।
কোন কোম্পানি কত ফোন বেচেছে?
এই বছর অর্থাৎ 2020 সালের দ্বিতীয় কোয়ার্টারে ভারতে মোট 182 লক্ষ ইউনিট স্মার্টফোন শিপমেন্ট করা হয়েছে। এর মধ্যে শাওমি 54 লক্ষ ফোন শিপড করেছে। স্যামসাং এই কোয়ার্টারে শিপ করেছে 48 লক্ষ স্মার্টফোন। একইভাবে ভিভো 32 লক্ষ ফোন শিপড করেছে এবং রিয়েলমি ও ওপ্পো মিলে 1.8 লক্ষ ইউনিট শিপড করেছে।










