বিগত কয়েক মাস ধরে Honor ভারতে খুব বেশি স্মার্টফোন লঞ্চ করেনি। তবে কোম্পানির হোম মার্কেট চীনে একের পর এক অসাধারণ স্মার্টফোন পেশ করা হচ্ছে। এবার কোম্পানির পক্ষ থেকে Honor X80 Pro Max নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটি কোম্পানির প্রথম 10000nits পীক ব্রাইটনেস সহ স্মার্টফোন। এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
ব্যাটারির ওয়ার্ল্ড রেকর্ড
কোম্পানি জানিয়েছে Honor X80 Pro Max ফোনটি “Longest Live Stream Test of Mobile Phone Battery Life” ওয়ার্ল্ড রেকর্ড জিতে নিয়েছে। টেস্টিঙে এই ফোনটিতে ক্রমাগত 26 ঘন্টা, 8 মিনিট এবং 34 সেকেন্ড অনলাইন ভিডিও স্ট্রিমিং করা হয়েছে। আজ পর্যন্ত কোনো স্মার্টফোনে এত বেশি সময় পর্যন্ত লাইভ স্ট্রিম সম্ভব হয়নি।
Honor X80 Pro Max ফোনের স্পেসিফিকেশন
Honor X80 Pro Max ফোনে 2788 × 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির 1.5K Ultra HD ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং সবচেয়ে উল্লেখযোগ্য 10000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। আগেই বলা হয়েছে আজ পর্যন্ত বিশ্বের কোনো স্মার্টফোনে এত হাই ব্রাইটনেস সাপোর্ট যোগ করা হয়নি।
এই ফোনের দ্বিতীয় সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য Honor X80 Pro Max ফোনে 11000mAh ব্যাটারি রয়েছে। 10000mAh ব্যাটারির পর এই ফোনটি নতুন ট্রেন্ড সেট করতে পারে। এই নতুন ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 27W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনটিতে 42 দিন স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। 100% ব্যাটারি লেভেলে Honor X80 Pro Max ফোনে ক্রমাগত 33.5 ঘন্টা পর্যন্ত শর্ট ভিডিও বা রীলস দেখা যাবে। এছাড়াও ফুল চার্জ করার পর এই ফোনে 23.9 ঘন্টা অর্থাৎ গোটা দিন গেম খেলা যাবে।
Honor X80 Pro Max ফোনটিকে জল ও ধূলোর পাশাপাশি ছা, কফি ও তেলের মতো বিভিন্ন ধরনের তরল পদার্থ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68, IP69 ও IP69K রেটিং যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি 10 মিটার গভীর জলে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এই ফোনে SGS Gold Label 5-স্টার সার্টিফিকেশন রয়েছে, ফলে 3 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও এই ফোনটি সুরক্ষিত থাকবে।
প্রসেসিঙের জন্য Honor X80 Pro Max ফোনে Qualcomm Snapdragon 6 Gen 5 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। চীনে এই ফোনটি 8GB ও 12GB RAM সহ 512GB পর্যন্ত স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
Honor X80 Pro Max ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Honor X80 Pro Max ফোনের দাম
চীনের বাজারে Honor X80 Pro Max ফোনটি মোট চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস মডেলে 8GB RAM ও 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 1999 ইউয়ান অর্থাৎ প্রায় 27,990 টাকা। একইভাবে ফোনটির 8GB+256GB মডেল 2199 ইউয়ান এবং 8GB+512GB মডেল 2499 ইউয়ান দামে পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 30,750 টাকা এবং 34,950 টাকার কাছাকাছি।
Honor X80 Pro Max ফোনটির 12GB RAM ও 512GB স্টোরেজ সহ টপ মডেলের দাম রাখা হয়েছে 2799 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 39,150 টাকার কাছাকাছি। এই ফোনটি Energetic Orange, Lightning Red, Moon Shadow White ও Mystic Black কালার অপশনে সেল করা হবে।














