Home খবর ফ্লিপকার্টের কন্টেনার থেকে চুরি হল 1 কোটি টাকার জিনিস, 221 iPhone সহ খোয়া গেছে হেডফোন এবং দামি পারফিউম

ফ্লিপকার্টের কন্টেনার থেকে চুরি হল 1 কোটি টাকার জিনিস, 221 iPhone সহ খোয়া গেছে হেডফোন এবং দামি পারফিউম

শপিং সাইট ফ্লিপকার্টে কোনো প্রোডাক্ট অর্ডার করার পর ফ্লিপকার্টের পক্ষ থেকেই সেটি ক্যানসেল করে দেওয়া হচ্ছে বলে সাধারণ মানুষ বর্তমানে অভিযোগ করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। শোনা যাচ্ছে Big Billion days সেল চলাকালীন ফ্লিপকার্টের একটি ট্রান্সপোর্ট ট্রাক থেকে চুরি হয়েছে এবং এই ঘটনায় প্রায় 1.21 কোটি টাকার জিনিস খোয়া গেছে। এই ট্রাকটি মুম্বাই থেকে পাঞ্জাব যাচ্ছিল এবং পথেই ট্রাক থেকে প্রোডাক্ট চুরি হয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী গত 27 সেপ্টেম্বর এই ট্রান্সপোর্ট ট্রাকটি মুম্বাইয়ের ভিওয়ান্ডি থেকে পাঞ্জাবের মোহনপুর, খান্নায় অবস্থিত ফ্লিপকার্ট গুদামের উদ্দেশ্যে র‌ওনা দেয়। এই ট্রাকে 11,677 আইটেম ছিল। নির্দিষ্ট সময়ে ট্রাক পাঞ্জাব পৌঁছায় এবং চালক নাসির ও হেল্পার চেত গাড়ি গুদামে রেখে চলে যায়। তবে কনসাইনমেন্ট স্ক্যান করার পর জানা যায় এতে 234 আইটেম কম রয়েছে।

এই ট্রাকটি ছিল ক্যামিয়ন লজিস্টিকস সলিউশন প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানির এবং এটি ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারির কাজ করত। কোম্পানির ফিল্ড অপারেশন এক্সিকিউটিভ প্রীতম শর্মা এই বিষয়ে পুলিশকে জানিয়েছেন এবং তাঁর থেকেই জানা গেছে ভিওয়ান্ডি থেকে গাড়িতে 11,677টি আইটেমের প্যাকেজ লোড করা হয়, অথচ পাঞ্জাব পৌঁছানোর পর দেখা যায় এর মধ্যে থেকে 234টি প্যাকেজ উধাও। চুরি হ‌ওয়া মোট প্যাকেজের ভ্যালু 1,21,68,373 টাকা বলে জানানো হয়েছে।

খোয়া যাওয়া জিনিসের তালিকায় রয়েছে 221 আইফোন, 5 অন্য মোবাইল ফোন, জামাকাপড়, আইলাইনার, হেডফোন, ময়েশ্চারাইজার, সাবান এবং দামি পারফিউম। ফ্লিপকার্টের এই 1.21 কোটি টাকার জিনিস চুরি হ‌ওয়ার ঘটনায় পাঞ্জাব পুলিশ ট্রাক ড্রাইভার এবং তাঁর হেল্পারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। স্থানীয় ডিএসপি অমৃতপাল সিং ভাটির বক্তব্য অনুযায়ী পুলিশ সব দিক থেকে এই মামলার তদন্ত করছে এবং কার্গো ট্র্যাকিং সিস্টেম ও ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

তবে চিন্তার বিষয় হল মুম্বাই থেকে এই ট্রাক হাই-সিকিউরিটি ডিজিটাল লকের মাধ্যমে সিল করা হয় এবং শুধুমাত্র অথরাইজড ওয়্যারহাউস অফিসাররাই এটি খুলতে পারতেন। এই লকের পাসওয়ার্ড ড্রাইভার বা অন্য কোনো কর্মচারীদের জানার কথা নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও ট্রাক থেকে কোটি টাকার জিনিস চুরি হ‌ওয়া ফ্লিপকার্ট এবং লজিস্টিকস কোম্পানির সুরক্ষা ও মনিটরিং সিস্টেমকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সবচেয়ে বড় কথা মুম্বাই থেকে সেট করা ডিজিটাল লক খোলা হল কিভাবে?