দিন দিন iPhone এর ক্রেজ বেড়েই চলেছে। এমনকি আজকের দিনে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের কাছে এটি সবচেয়ে পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড হয়ে উঠেছে। তাই যখনই বাজারে নতুন আইফোন সিরিজ লঞ্চ করা হয়, সবার মধ্যে অন্যরকম উৎসাহ দেখা যায়। জানিয়ে রাখি এই বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেল তাদের iPhone 16 সিরিজ বাজারে লঞ্চ করেছিল। কিন্তু রিপোর্ট অনুযায়ী ইন্দোনেশিয়ার সরকারের পক্ষ থেকে এই সিরিজ ব্যান করে দেওয়া হয়েছে। এর ফলে এই দেশে এই ফোনের সেল এবং ডিস্ট্রিবিউশন বন্ধ করে দেওয়া হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রী এগুস গুমিওয়াং কার্তাসাসমিতা জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় আইফোন 16 ফোনটি ব্যাবহার করলে অবৈধ বলে বিবেচিত হবে। তিনি এই ফোনটি ইউজারদের অন্যান্য দেশের থেকেও কেনার জন্য বারণ করে দিয়েছেন। তিনি আইফোন ইউজার সংক্রান্ত ডেটা দেওয়ার কথা জানিয়েছেন। iPhone 16 ফোনটি বন্ধ করার কারণ হিসেবে ফোনটিতে বর্তমানে প্রয়োজনীয় International Mobile Equipment Identity (IMEI) এর প্রমাণ নেই বলে জানানো হয়েছে।
iPhone 16 বন্ধ হওয়ার কারণ
ইন্দোনেশিয়ায় অ্যাপল তাদের ইনভেস্টমেন্ট প্রতিশ্রুতি পূরণ না করার জন্য iPhone 16 ফোনটি বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাপল কথা দিয়েছিল তারা 1.71 ট্রিলিয়ন রুপিয়াহ ($109 মিলিয়ন) ইনভেস্ট করবে, এর মধ্যে এখনও পর্যন্ত 1.48 ট্রিলিয়ন রুপিয়াহ ( $95 মিলিয়ন) ইনভেস্ট করা হয়েছে। কিন্তু এখনও 230 বিলিয়ন রুপিয়াহ ($14.75 মিলিয়ন) ইনভেস্ট বাকি রয়েছে। ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রী কার্তাসমিতা জানিয়েছেন অ্যাপেলের পক্ষ থেকে কিছু শর্ত পূরণ না করার জন্য iPhone 16 ফোনটিতে কোনো অনুমতি দেওয়া হয়নি। এই মাসের শুরুতে মন্ত্রী জানিয়েছিলেন TKDN এর বৃদ্ধির কারণে Apple এর iPhone 16 ফোনটি এখন ইন্দোনেশিয়াতে সেল করা হচ্ছে না।
জানিয়ে রাখি TKDN (Domestic Component Level) সার্টিফিকেশনের জন্য ইন্দোনেশিয়ায় সেল হওয়া পণ্যগুলিতে 40 শতাংশ স্থানীয় উপাদান থাকা প্রয়োজন। এই সার্টিফিকেশন সরাসরি অ্যাপলের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতির সঙ্গে যোগ রয়েছে এবং এইভাবে কোনো জিনিস ইন্দোনেশিয়ার মার্কেটে সেল হওয়া পণ্য হিসেবে মনে করা হয়।
অ্যাপেল ইন্দোনেশিয়ার মার্কেটে বৃদ্ধির কথা ভেবেছিল। তবে এবার এই লেটেস্ট ঘোষণা এপ্রিল মাসে অ্যাপেলের সিইও টিম কুকের জাকার্তা সফরের পর এসেছে, এখানে তিনি রাষ্ট্রপতি জোকো উইডোদোর সঙ্গে সম্ভাব্য উৎপাদন সম্পর্কিত পরিকল্পনাগুলি নিয়ে আলোচনা করেছিলেন। এর থেকে আভাস পাওয়া গিয়েছিল, অ্যাপেল ইন্দোনেশিয়ায় উৎপাদন সুবিধা প্রতিষ্ঠা করার কথা ভাবছেন। এই ঘোষণার পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করা হচ্ছে।
মনে করিয়ে দিই গত সেপ্টেম্বর মাসে গ্লোবাল বাজারে iPhone 16 লঞ্চ করা হয়েছিল। তবে এবার ইন্দোনেশিয়াতে iPhone 16 Pro সিরিজ এবং Apple Watch Series 10 সহ অন্যান্য নতুন Apple প্রোডাক্ট ব্যান করে দেওয়া হয়েছে। মন্ত্রকের ডাইরেক্টর ফেবরি হেড্রি অ্যান্টনি আরিফ জানিয়েছেন, iPhone 16 এর জন্য TKDN এখনও আন্ডার রিভিউ রয়েছে। যার ব্র্যান্ডের পক্ষ থেকে তাদের বিনিয়োগ প্রতিশ্রুতির ওপর নির্ভর করছে।
