এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পর রিলায়েন্স জিও একইভাবে তাদের সমস্ত প্রিপেইড প্ল্যানের মূল্যবৃদ্ধি করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের প্ল্যানের দাম প্রায় 20 শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে কোম্পানির জিওফোন ইউজারদের জন্য সবচেয়ে সস্তা প্ল্যানটির দাম 75 টাকা থেকে বেড়ে 91 টাকা হয়ে গেছে এবং আজ অর্থাৎ 1 ডিসেম্বর, 2021 থেকেই এটি কার্যকর করা হয়েছে। অথচ কোম্পানি এখনও পর্যন্ত তাদের 75 টাকা দামের প্ল্যানটি জারি রেখেছে এবং 91 টাকার প্ল্যানটি আপডেটও করেনি। তবে কোনো ঘোষণা না করে কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানে কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে। আগে এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল 28 দিন। এখন সেটি কমিয়ে 23 দিন করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইউজারদের কাছে প্ল্যানের দাম বাড়তি মনে হবে না ঠিকই, কিন্তু বেনিফিট অবশ্যই কম পাওয়া যাবে।
বাড়বে খরচ
Reliance Jio এর এই 75 টাকা দামের প্ল্যানে আগে 28 দিনের জন্য মোট 3 জিবি ডেটা পাওয়া যেত। একজন জিওফোন ইউজারের জন্য এটা যথেষ্ট ছিল। এই প্ল্যানে প্রতিদিন 100 এমবি করে দেওয়া হত এবং অতিরিক্ত 200 এমবি ডেটা কোম্পানি দিত, অর্থাৎ 28 দিনে মোট 2,800 এমবি + 200 এমবি = 3 জিবি ডেটা বেনিফিট পাওয়া যেত। এছাড়াও কোম্পানি সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে 50টি এসএমএস, আনলিমিটেড ভয়েস কল, কলার টিউন এবং বিভিন্ন জিও অ্যাপের ফ্রি অ্যাকসেস দিত। তবে নতুন প্ল্যানে এইসব বেনিফিট অনেকাংশেই কমে যাবে।
নতুন আপডেটেড প্ল্যানে 75 টাকার বিনিময়ে 28 দিনের বদলে 23 দিন ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। তবে আগের মতোই আনলিমিটেড কল ও দৈনিক 100 এমবি ডেটা ও অতিরিক্ত 200 এমবি অর্থাৎ মোট 2.5 জিবি ডেটা পাওয়া যাবে। হিসাব করে দেখা যাচ্ছে ডেটার পরিমাণ আগের চেয়ে 500 এমবি কমে গেছে। 50টি ফ্রি এসএমএস ও জিও অ্যাপের সাবস্ক্রিপশন এখনও পাওয়া যাচ্ছে। তবে ইউজারদের ক্ষতি হবে ডেটা ও কলের ক্ষেত্রে। 5 দিন কম ভ্যালিডিটির কারণে গ্ৰাহকদের 5 দিন কম আনলিমিটেড কল এবং 500 এমবি কম ডেটা দেওয়া হবে।
রিলায়েন্স জিও গত মাসের অর্থাৎ নভেম্বরের 28 তারিখ তাদের সমস্ত প্রিপেইড প্ল্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল এবং আজ অর্থাৎ 1 ডিসেম্বর থেকে নতুন দাম প্রযোজ্য করা হয়েছে। কোম্পানির সমস্ত প্ল্যানের দামে প্রায় 20 শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
