পোকো ভারতের বাজারে POCO C81 এবং POCO C81X নামে দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। এই দুটি ফোনেই কম দামে শক্তিশালী ব্যাটারি এবং বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও রিভার্স চার্জিং ফিচারের মাধ্যমে এই ফোনদুটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে। নিচে এই ফোনগুলির ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
POCO C81X ফোনটিতে 3GB RAM এবং 64GB Storage রয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 9,999 টাকা। অপরদিকে POCO C81 ফোনটি 4GB RAM + 64GB Storage সহ 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনেই Virtual RAM টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে ফোনগুলির Physical RAM ও Virtual RAM মিলে দ্বিগুণ হয়ে যাবে। POCO C81X ফোনটি Crystal Black ও Ice Blue কালার অপশনে সেল করা হবে এবং POCO C81 ফোনটি Sunset Gold, Ice Blue ও Elite Black কালার অপশনে পেশ করা হয়েছে। আগামী 26 এপ্রিল থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনদুটি সেল করা হবে।
POCO C81 এবং C81X ফোনে 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Unisoc T7250 প্রসেসর রয়েছে। এই অক্টাকোর প্রসেসর 1.6GHz থেকে 1.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। POCO C81 ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড HyperOS 3.0 কাস্টম স্কিন সহ লঞ্চ করা হয়েছে এবং POCO C81X ফোনটি Android Go এডিশনে কাজ করে।
POCO C81 এবং POCO C81X ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এর মধ্যে C81X ফোনটির স্ক্রিন সাইজ 6.9 ইঞ্চি এবং C81 ফোনটিতে 6.88 ইঞ্চির স্ক্রিন যোগ করা হয়েছে। উভয় ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট দিতে সক্ষম। এছাড়াও C81 ফোনটির স্ক্রিন 800nits এবং C81X ফোনটির স্ক্রিন 600nits ব্রাইটনেস সাপোর্ট করে।
উভয় ফোনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। এই দুটি ফোনেই ফ্লিকার ফ্রি এবং লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পরও চোখের কোনো ক্ষতি হবে না। এছাড়াও POCO C81 এবং POCO C81X ফোনে রিডিং মোড দেওয়া হয়েছে, যা কন্টেন্ট পড়ার সময় স্ট্রেইন ফ্রি এক্সপেরিয়েন্স দেবে।
পাওয়ার ব্যাকআপের জন্য POCO C81 ফোনে 6300mAh এবং POCO C81X ফোনে 5200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। উভয় ফোনের ব্যাটারি 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়াও এই দুটি ফোনেই 7.5W রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে এই ফোনের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
ফটোগ্রাফির জন্য POCO C81 এবং POCO C81X ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 13MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য উভয় স্মার্টফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
এই দুটি ফোনেই Wet Hand টেকনোলজি রয়েছে, ফলে ভেজা হাতেও অনায়াসে এই ফোনদুটি ব্যাবহার করা যাবে। জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP52 রেটিং রয়েছে। ফোন আনলক ও সিকিউরিটির জন্য এই দুটি ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও বিনোদনের জন্য কোম্পানি উভয় ফোনে 200% সুপার ভলিউম মোড সহ স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে।
POCO C81 ফোনে Google Gemini এবং Circle to Search এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য AI ফিচার রয়েছে। এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। অপরদিকে POCO C81X ফোনটিতে কোম্পানির পক্ষ থেকে 2 জেনারেশন ওএস আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এই দুটি ফোনেই LPDDR4x RAM টেকনোলজি দেওয়া হয়েছে।
