POCO আবারও ভারতের বাজারে তাদের দুটি জনপ্রিয় স্মার্টফোন POCO X8 Pro এবং POCO X8 Pro Max ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। লঞ্চের পর থেকে এই নিয়ে ফোনদুটির দাম তৃতীয়বার বাড়ানো হল। এবার কোম্পানির পক্ষ থেকে 3,000 টাকা পর্যন্ত প্রাইস হাইক জারি করা হয়েছে। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে মেমরি ও অন্যান্য কম্পোনেন্টের মূল্যবৃদ্ধিকেই এর জন্য দায়ী করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনদুটির নতুন দাম সম্পর্কে।
POCO X8 Pro Max ফোনের নতুন দাম
POCO X8 Pro Max ফোনের উভয় মডেলের দাম 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। এই ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম এখন 49,999 টাকা হয়ে গেছে, যা আগে 46,999 টাকা দামে সেল করা হত। ফোনটির 12GB RAM + 512GB মেমরি ভেরিয়েন্টের দাম 50,999 টাকা থেকে বাড়িয়ে 52,999 টাকা করে দেওয়া হয়েছে।
POCO X8 Pro ফোনের নতুন দাম
কোম্পানির POCO X8 Pro ফোনটির দামে বড়সড় মূল্যবৃদ্ধি ঘটেছে। এই ফোনের উভয় মডেলের দাম 3,000 টাকা বাড়ানো হয়েছে। এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ মডেল কেনার জন্য এখন থেকে 36,999 টাকার বদলে 39,999 টাকা খরচ করতে হবে। একইভাবে ফোনটির 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টের জন্য 39,999 টাকার পরিবর্তে 42,999 টাকা দাম দিতে হবে।
POCO স্মার্টফোনের মূল্যবৃদ্ধির কারণ
বিগত বেশ কয়েক মাস ধরে স্মার্টফোন জগতে অজস্র ফোনের দাম বাড়তে দেখা গেছে। মেমরি কম্পোনেন্টের দাম বেড়ে যাওয়া এই প্রাইস হাইকের সবচেয়ে বড় কারণ। কোম্পানিগুলি ক্রমবর্ধমান ম্যানুফ্যাকচারিং এবং কম্পোনেন্ট কস্ট সামাল দেওয়ার জন্যই তাদের ফোনগুলির দাম বাড়ানোর পথ বেছে নিয়েছে।
এর আগেও POCO X8 Pro এবং X8 Pro Max ফোনের দাম দুবার বাড়ানো হয়েছে। তবে এবার কোম্পানি এই মূল্যবৃদ্ধি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি।
Poco X8 Pro এবং Poco X8 Pro Max 5G ফোনের স্পেসিফিকেশন
Poco X8 Pro Max 5G ফোনে 6.83-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3,840Hz PWM ডিমিং এবং 3,500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। অপরদিকে Poco X8 Pro 5G ফোনে 6.59-ইঞ্চির AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে, যা সমান রিফ্রেশ রেট ও রেজোলিউশন সাপোর্ট করে। এই দুটি ফোনেই IP66, IP68, IP69 এবং IP69K রেটিং রয়েছে।
প্রসেসিঙের জন্য Poco X8 Pro Max ফোনে 3nm MediaTek Dimensity 9500s চিপসেট দেওয়া হয়েছে এবং Poco X8 Pro ফোনটিতে 4nm MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য এই দুটি ফোনের রেয়ার ক্যামেরা সেটআপেই 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 20MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। উভয় ফোনে 4K 60fps ভিডিও রেকর্ডিং করা যায়।
Poco X8 Pro Max 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 9,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অন্যদিকে Poco X8 Pro 5G ফোনটিতে 6,500mAh ব্যাটারি রয়েছে। এই দুটি ফোনই 100W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
