Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi তাদের বাজেট 5G স্মার্টফোন Redmi A7 Pro 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির জারি করা নতুন প্রাইস আপডেট অনুযায়ী এই ফোনটির উভয় মডেলের দাম 1,500 টাকা করে বাড়ানো হয়েছে। এই ফোনের নতুন দাম আগামী 3 আগস্ট 2026 থেকে কার্যকর হবে। এর ফলে আগামী দিনে A7 Pro 5G ফোনটি কেনার জন্য বেশি দাম দিতে হবে।
Redmi A7 Pro 5G ফোনের নতুন দাম
Redmi A7 Pro 5G ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম আগে 13,999 টাকা ছিল, যা এখন 1,500 টাকা বেড়ে 15,499 টাকা হয়ে গেছে। একইভাবে 4GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 14,999 টাকা থেকে বাড়িয়ে 16,499 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনের দুটি মডেলের দামই 1,500 টাকা করে বাড়ানো হয়েছে। Xiaomi জানিয়ে দিয়েছে এই দাম 3 আগস্ট 2026 রাত 12:01 থেকে প্রযোজ্য হবে।
কেন বেড়েছে Redmi A7 Pro 5G ফোনের দাম?
কোম্পানির ডকুমেন্টে মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। বিগত বেশ কয়েক মাস ধরে টেক জগতে স্মার্টফোনের দাম পরিবর্তন হয়ে চলেছে। মূলত ক্রমবর্ধমান কম্পোনেন্ট ও ম্যানুফ্যাকচারিং কস্ট, সাপ্লাই চেইন সংক্রান্ত খরচ এবং মার্কেট কন্ডিশনের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
Redmi A7 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
Redmi A7 Pro 5G ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ স্টাইলের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Low Blue Light ও Flicker-Free সার্টিফিকেশন যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Redmi A7 Pro 5G ফোনে Unisoc T8300 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali G57 GPU যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Redmi A7 Pro 5G ফোনে 4GB Physical RAM রয়েছে Expandable RAM টেকনোলজির দৌলতে এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে ফোনটিতে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে LPDDR4X RAM এবং UFS2.2 Storage টেকনোলজি দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Redmi A7 Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.0 অ্যাপার্চারযুক্ত 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Redmi A7 Pro 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6300mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনটি 7.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যায়।
এই ফোনে Google Gemini ও Circle To Search এর মতো বিভিন্ন AI ফিচার রয়েছে। জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP52 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে Redmi A7 Pro 5G ফোনে Wi-Fi, Bluetooth 5.4, OTG ও FM ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক এবং 200% Volume Boost ফিচার যোগ করা হয়েছে।










