গত মাসে ভারতে ভিভো তাদের V20 ও V20 SE মডেল লঞ্চ করেছিল। একই সঙ্গে Vivo V20 Pro 5G ফোনটিও মার্কেটে আসার কথা ছিল, কিন্তু কোম্পানির পক্ষ থেকে ফোনটি তখন ভারতে লঞ্চ করা হয়নি। অবশ্য পরে কোম্পানি ঘোষণা করে জানিয়েছিল যে শীঘ্রই এদেশে ফোনটি পেশ করা হবে। কয়েক দিন আগে আমরা জানিয়েছিলাম এই ফোনটি 30,000 টাকার আশেপাশের দামে লঞ্চ করা হবে। এবার আমরা আমাদের অফলাইন সোর্স থেকে Vivo V20 Pro 5G এর দাম ও প্রিবুকিং সম্পর্কে খবর পেয়েছি।
Vivo V20 Pro 5G এর দাম
আমাদের সোর্স অনুযায়ী ভারতে Vivo V20 Pro 5G ফোনটি 29,990 টাকা (MOP) দামে পেশ করা হবে। দামের দিক থেকে ফোনটি ভারতে OnePlus Nord এর হাইএন্ড মডেলকে টেক্কা দেবে, যার দাম 29,999 টাকা।
প্রিবুকিং অফার
ইতিমধ্যে অফলাইন রিটেইল স্টোরে Vivo V20 Pro 5G ফোনটির প্রিবুকিং শুরু হয়ে গেছে। আমদের পাওয়া পোস্টার থেকে ফোনটির প্রিবুকিং ব্যাঙ্ক অফার সম্পর্কে জানতে পেরেছি। অফার অনুযায়ী ICICI ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ বরোদার কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 10 শতাংশ ছাড়, সহজ ইএমআই ও জিওর পক্ষ থেকে কিছু সুবিধা পাওয়া যাবে।
Vivo V20 Pro 5G এর স্পেসিফিকেশন
আগেই বাইরের কিছু মার্কেটে Vivo V20 Pro 5G ফোনটি লঞ্চ করা হয়ে গেছে, ফলে ফোনটির স্পেসিফিকেশন আমাদের জানা। এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.44 ইঞ্চির এফএইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। HDR10 এর সঙ্গে এতে ডুয়েল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
কোম্পানি এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765জি চিপসেট যোগ করেছে। এতে 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়। Vivo V20 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমসহ ফনটাচ ওএসে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Vivo V20 Pro 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ডুয়েল টোন ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি Samsung ISOCELL GW1 ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এই সেন্সরটি ম্যাক্রো লেন্সেরও কাজ করে এবং এই ফোনের তৃতীয় সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের একটি মোনোক্রোম লেন্স। কানেক্টিভিটির জন্য এতে 5G, 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।
