বর্তমানে ভারতে প্রিপেইড ট্যারিফের দাম বৃদ্ধির ফলে একদিকে যেমন সাধারণ মানুষ প্রাইভেট কোম্পানিগুলির ওপর বিরক্ত ও বিক্ষুব্ধ হয়ে রয়েছে তেমনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে BSNL নেটওয়ার্কে নাম্বার পোর্ট করার কথা পোস্ট করা হচ্ছে। এই সুযোগের সদ্ব্যবহার করে এবার দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL কিছু নতুন এবং আকর্ষণীয় প্ল্যান পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে 184 টাকা থেকে শুরু করে 347 টাকার মধ্যে চারটি বাজেট ক্যাটাগরির প্রিপেইড প্ল্যান পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানগুলির ডিটেইলস সম্পর্কে।
BSNL এর Rs 184, Rs 185, Rs 186, এবং Rs 347 দামের প্রিপেইড প্ল্যান
কোম্পানির নতুন 184 টাকা দামের প্রিপেইড প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটিসহ প্রতিদিন 1GB ডেটা, 100টি করে ফ্রি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। একইভাবে কোম্পানির 185 টাকা এবং 186 টাকা দামের প্ল্যানেও একই বেনিফিট পাওয়া যায়। তবে এই তিনটি প্ল্যানের মধ্যে শুধুমাত্র একটি ছোট পার্থক্য আছে। 184 টাকা দামের প্ল্যানে অতিরিক্ত বেনিফিট হিসেবে লিসন পডকাস্টের সুবিধা পাওয়া যায়।

এছাড়া 185 টাকার প্ল্যানে “ম্যাসার্স অনমোবাইল গ্লোবাল লিমিটেড এবং বিএসএনএল টিউনস কর্তৃক প্রোগ্ৰেসিভ ওয়েব এপিপি (PWA) তে চ্যালেঞ্জ অ্যারিনা মোবাইল গেমিং সার্ভিসের বান্ডিলিং” এর সুবিধা রয়েছে। এছাড়া 186 টাকার প্ল্যানে হার্ডি গেমস এবং বিএসএনএল টিউনসের সুবিধা পাওয়া যায়।
কোম্পানির 347 টাকা দামের প্ল্যানটি যথেষ্ট আলাদা। কারণ এই প্ল্যানে 56 দিন ভ্যালিডিটিসহ প্রতিদিন 2GB ডেটা, 100টি করে ফ্রি SMS এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করলে 56 দিনে মোট 112GB ডেটা উপভোগ করা যায়। এছাড়া এই প্ল্যানে ম্যাসার্স অনমোবাইল গ্লোবাল লিমিটেড দ্বারা প্রোগ্ৰেসিভ ওয়েব এপিপি (PWA) তে ফ্রি চ্যালেঞ্জ অ্যারিনা মোবাইল গেমিং সার্ভিস পাওয়া যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









