Google অফিসিয়ালি তাদের নতুন Pixel 11 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে Google Pixel 11, Google Pixel 11 Pro, Google Pixel 11 Pro XL এবং Google Pixel 11 Pro Fold নামের চারটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই পোস্টে সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Pixel 11 ফোনটি সম্পর্কে আলোচনা করা হল। এই ফোনে সুন্দর পারফরমেন্স, সিকিউরিটি, ক্যামেরা এবং ব্যাটারি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। একই সঙ্গে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে বেশি স্লিম ও প্রিমিয়াম ডিজাইন যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
Google Pixel 11 ফোনের দাম এবং অফার
ভারতের বাজারে Google Pixel 11 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 89,999 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনটির 12GB RAM + 512GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 1,04,999 টাকা। গতকাল থেকেই এই ফোনের প্রিবুকিং শুরু হয়ে গেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি প্রতি মাসে 3,458.29 টাকা স্টার্টিং EMI এর মাধ্যমেও কেনা যাবে।
লঞ্চের সঙ্গে সঙ্গে Google Pixel 11 ফোনের দামে বেশ কিছু অফার জারি করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে মোট 30,603 টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে। গুগল তাদের এই ফোনে No-Cost EMI এর মাধ্যমে 14,603 টাকা পর্যন্ত সেভিংস, পুরনো ফোন এক্সচেঞ্জের ক্ষেত্রে 9,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং 7,000 টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ডিসকাউন্টের সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ সমস্ত অফার সহ মোট 30,603 টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে। জানিয়ে রাখি এই এক্সচেঞ্জ বোনাস অফার আগামী 31 আগস্ট 2026 পর্যন্ত উপভোগ করা যাবে। এই ফোনটি আগামী 21-22 আগস্ট থেকে পাওয়া যাবে।
Google Pixel 11 ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন
Google Pixel 11 ফোনে 1080 x 2424 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের OLED Actua ডিসপ্লে 3,000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে কড়া রোদের মধ্যে দাঁড়িয়েও ফোনটি ব্যাবহার করতে কোনো সমস্যাই হবে না। এই ডিসপ্লের সুরক্ষার জন্য Corning Gorilla Glass Victus 2 যোগ করা হয়েছে। অর্থাৎ দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে এই স্ক্রিন সাধারণ স্ক্র্যাচ বা অন্যান্য আঘাত থেকে সুরক্ষিত থাকবে।
কোম্পানির পক্ষ থেকে Google Pixel 11 ফোনের ডিজাইনের ক্ষেত্রেও পরিবর্তন করা হয়েছে। এই ফোনে পলিশ করা ব্যাক ও স্পেসক্রাফ্ট-গ্ৰেড অ্যালুমিনিয়ামের সাটিন-ফিনিশ ফ্রেম রয়েছে। গুগল এই ফোনের ক্যামেরা বারটিও সম্পূর্ণ রিডিজাইন করেছে।
Google জানিয়েছে তাদের Pixel 11 ফোনে এখনও পর্যন্ত সবচেয়ে স্লিম ক্যামেরা বার দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনটি Frost, Hibiscus, Pistachio এবং Obsidian কালার অপশনে পেশ করা হয়েছে।
Google Pixel 11 ফোনে কোম্পানির নতুন Google Tensor G6 চিপসেট রয়েছে। এই ফোনে 12GB RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই কনফিগারেশন ফাস্ট অ্যাপ সুইচিং এবং স্মুথ এক্সপেরিয়েন্সের জন্য আদর্শ।
সিকিউরিটির জন্য Google Pixel 11 ফোনে Titan M3 security চিপ যোগ করা হয়েছে। এই চিপ অ্যাডভান্স পোস্ট-কোয়ান্টম ক্রিপ্টোগ্ৰাফি সহ Pixel ডিভাইস সুরক্ষিত রাখতে সাহায্য করবে। অর্থাৎ কোম্পানি শুধুমাত্র পারফরমেন্স নয়, বরং ফোনটির সিকিউরিটির ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে।
Google Pixel 11 ফোনের ব্যাটারি লাইফের ক্ষেত্রেও যথেষ্ট কাজ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,985mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি 30 ঘন্টার চেয়েও বেশি সময় পর্যন্ত চলবে। এই ফোনে বিশেষ Adaptive Battery ফিচার দেওয়া হয়েছে। ইউজাররা যেসব অ্যাপ কম ব্যাবহার করেন এই ফিচার সেইসব অ্যাপের পাওয়ার কনজাম্পশন কম করে।
এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। Google Pixel 11 ফোনটি মাত্র 30 মিনিটে 55 শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম। এই ফোনে Pixelsnap ম্যাগনেটিক কম্প্যাটিবিলিটি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Pixelsnap ফিচারের মাধ্যমে ওয়্যারলেস চার্জিং আগের চেয়ে 25 শতাংশ ফাস্ট হয়ে গেছে।
Google Pixel 11 ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 48MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেটআপে 13MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10.8MP Dual PD টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 10.5MP Dual PD সেলফি ক্যামেরা রয়েছে। কোম্পানি জানিয়েছে এই বড় সেন্সর আগের মডেলের তুলনায় 56 শতাংশ বেশি লাইট সেন্সিটিভিটি দিতে সক্ষম। এর ফলে কম আলোতেও সুন্দর ছবি ও পোর্ট্রেট ক্যাপচার করা যাবে। এছাড়াও এই ফোনে Night Sight দেওয়া হয়েছে, যা অন্ধকারেও পরিস্কার ছবি তুলতে সাহায্য করবে।
এই ফোনে 30x Super Zoom যোগ করা হয়েছে। ফলে Google Pixel 11 ফোনের সাহায্যে দূরের সাবজেক্টও পরিস্কার ক্যাপচার করা যাবে। এছাড়াও Magic Capture ফিচার অটোমেটিকভাবে ছবি এডিট, ক্রপ এবং আনব্লার করতে পারে। এর ফলে ইউজাররা সব সময় রেডি ইমেজ পাবেন।
Google Pixel 11 ফোনে কোম্পানি বেশ কিছু বিশেষ ফিচার যোগ করেছে। এই ফোনটি Pixelsnap magnetic accessories সাপোর্ট করে, ফলে কম্প্যাটিবল চার্জার ও অ্যাক্সেসরিজ ফোনের সঙ্গে ম্যাগনেটিক্যালি অ্যাটাচ হয়ে যায়। এই ফোনে 7 বছর পর্যন্ত ওএস, সিকিউরিটি এবং Pixel Drop আপডেট পাওয়া যাবে।








