Reliance Jio তাদের প্রিপেইড ইউজারদের জন্য একটি নতুন প্রিপেইড প্ল্যান পেশ করেছে। সাধারণত 28 দিন বা 56 দিন ভ্যালিডিটি সহ প্ল্যান দেখা গেলেও, কোম্পানি এবার নতুন কিছু করার চেষ্টা করেছে। এই নতুন প্ল্যানটির ভ্যালিডিটি 36 দিন। এই নতুন প্ল্যানটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
জিওর এই প্ল্যানটির দাম রাখা হয়েছে 450 টাকা। কোম্পানির ওয়েবসাইট ও অ্যাপে এই প্ল্যানটি লিস্টেড করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে এই প্ল্যানটি রিচার্জের জন্য উপলব্ধ করে দেওয়া হয়েছে। এই নতুন 450 টাকা দামের প্রিপেইড প্ল্যানে 36 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ 28 দিনে এক মাস বানিয়ে রিচার্জ প্ল্যান বেচা কোম্পানি এবার 1 মাসের চেয়ে 8 দিন বেশি ভ্যালিডিটি সহ প্ল্যান পেশ করেছে।
36 দিন ভ্যালিডিটি সহ জিওর 450 টাকা দামের প্রিপেইড প্ল্যানে ইউজারদের প্রতিদিন 2GB করে 5G ডেটা দেওয়া হবে। এই আনলিমিটেড ইন্টারনেট ডেটা Jio 5G নেটওয়ার্কে কাজ করবে। জানিয়ে রাখি কোম্পানির সমস্ত 2GB ডেইলি ডেটা সহ প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা উপভোগ করা যায়। কোম্পানির নতুন 450 টাকা দামের প্ল্যানটিতেও এই বেনিফিট পাওয়া যাবে।
আনলিমিটেড 5G ডেটার পাশাপাশি এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে দেশের যে কোনো নেটওয়ার্কের যে কোনো নাম্বারে আনলিমিটেড লোকাল ও এসটিডি কল উপভোগ করা যাবে। এর সঙ্গে এই প্ল্যানটিতে ডেইলি 100 SMS দেওয়া হবে। এই এসএমএস পরিষেবাও দেশের সমস্ত নাম্বারে প্রযোজ্য।
আনলিমিটেড ভয়েস কল, ইন্টারনেট এবং এসএমএস বেনিফিট ছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা 2 মাসের ফ্রি JioHome ট্রায়াল পাবেন। নতুন কানেকশন নেওয়া ইউজাররা এই বেনিফিট পাবেন। এর সঙ্গে কোম্পানির পক্ষ থেকে 3 মাসের ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হবে। ইউজাররা ফোন ও টিভি সমস্ত প্ল্যাটফর্মে এই সুবিধা উপভোগ করতে পারবেন।
নতুন 450 টাকা দামের প্ল্যানটিতে ইউজারদের JioAICloud এর 50GB স্টোরেজ বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও ইউজাররা Reliance Jio এর পক্ষ থেকে 18 মাসের Google Gemini Pro প্ল্যান উপভোগ করতে পারবেন। জানিয়ে রাখি আলাদাভাবে এই প্ল্যানটি কিনতে হলে প্রায় 35 হাজার টাকার কাছাকাছি খরচ হবে। তবে জিও ইউজাররা এই বেনিফিট পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
দাম বিচার করলে কোম্পানি তাদের নতুন 450 টাকা দামের এই প্ল্যানটি 36 দিন ভ্যালিডিটি সহ পেশ করেছে। হিসাব করলে দেখা যায় এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 12.5 টাকা (450/36) খরচ হয়। এক দিনে 12 টাকার চেয়েও বেশি দামের এই প্ল্যানটিকে খুব একটা সস্তা বলা যায় না এবং প্ল্যানটি ইউজারদের মধ্যে কতটা জনপ্রিয় হবে সেই বিষয়ে সন্দেহ রয়েছে।
জিওর কাছে এই ধরনের বেনিফিট সহ আরও দুটি প্ল্যান রয়েছে। এই দুটি প্ল্যানের দাম যথাক্রমে 629 টাকা এবং 719 টাকা। কোম্পানির 629 টাকা দামের প্ল্যানটির ভ্যালিডিটি 56 দিন, অর্থাৎ এই প্ল্যানে প্রতিদিন 11.23 টাকা (629/56) খরচ পড়ে। অপরদিকে 719 টাকা দামের প্ল্যানটির ভ্যালিডিটি 70 দিন এবং এই প্ল্যানে প্রতিদিন খরচ হয় 10.27 টাকা (719/70)। অর্থাৎ এই দুটি প্ল্যানের দামই নতুন 450 টাকা দামের প্ল্যানটির চেয়ে সস্তা।
