Realme ভারতের বাজারে তাদের Realme 16 সিরিজের দামের পরিবর্তন ঘটিয়েছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে মেমরি, প্রসেসর এবং অন্যান্য স্মার্টফোন কম্পোনেন্টের মূল্যবৃদ্ধির কারণে তাদের Realme 16, Realme 16 Pro এবং Realme 16 Pro+ 5G ফোনের দাম বাড়ানো হয়েছে। গতকাল অর্থাৎ 18 মে 2026 থেকে এই নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে। এই প্রাইস হাইকের ফলে এর মধ্যে কিছু মডেল কেনার জন্য ইউজারদের 3,000 টাকা পর্যন্ত বেশি খরচ করতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী Realme 16 Pro 5G ফোনটির 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেল আগে 38,999 টাকা দামে সেল করা হত, তবে এখন এই মডেলের দাম 39,999 টাকা করে দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির 12GB RAM ও 256GB স্টোরেজ মডেল কেনার জন্য এখন থেকে 41,999 টাকার বদলে 42,999 টাকা খরচ করতে হবে। অর্থাৎ উভয় মডেলের দাম 1,000 টাকা বাড়ানো হয়েছে।
কোম্পানির Realme 16 Pro+ 5G ফোনটির দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ফোনটির 8GB RAM ও 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 44,999 টাকা থেকে বেড়ে 46,999 টাকা হয়ে গেছে। এই ফোনের 8GB RAM ও 256GB স্টোরেজ মডেলের দাম 46,999 টাকা থেকে বাড়িয়ে 48,999 টাকা করে দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে এই ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। এখন থেকে এই মডেলটি কেনার জন্য 49,999 টাকার বদলে 52,999 টাকা খরচ করতে হবে। অর্থাৎ এই মডেলের দাম 3,000 টাকা বেড়ে গেছে।
শুধুমাত্র প্রো মডেলগুলি নয়, এই সিরিজের স্ট্যান্ডার্ড Realme 16 5G ফোনটির দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ফোনের 8GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম এখন 33,999 টাকা হয়ে গেছে, যা আগে 31,999 টাকার বিনিময়ে কেনা যেত। এই ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 33,999 টাকা থেকে বাড়িয়ে 36,999 টাকা এবং 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 36,999 টাকা থেকে বাড়িয়ে 39,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনটির ক্ষেত্রেও 3,000 টাকা প্রাইস হাইক করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে মেমরি খরচ, প্রসেসরের দাম এবং স্মার্টফোন ইকোসিস্টেমের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিকে এই প্রাইস হাইকের কারণ হিসাবে দায়ী করা হয়েছে। জানিয়ে রাখি বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন কোম্পানি তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে এবং এর ফলে ইউজারদের তাদের পছন্দের স্মার্টফোন কেনার জন্য বেশি দাম দিতে হচ্ছে।
প্রাইস হাইক সত্ত্বেও কোম্পানি জানিয়েছে তাঁরা ইউজারদের ভালো পারফরমেন্স এবং ভ্যালু দিতে চায়। Realme 16 সিরিজের ফোনগুলি শক্তিশালী প্রসেসর, প্রিমিয়াম ডিজাইন, ফাস্ট চার্জিং ফিচার এবং সুন্দর ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনগুলি মিড রেঞ্জ সেগমেন্টে যথেষ্ট উল্লেখযোগ্য বিকল্প, তবে মূল্যবৃদ্ধির পর অন্য ব্র্যান্ডের স্মার্টফোন কেনা যেতে পারে। ইউজাররা Motorola, Samsung, Vivo এবং iQOO কোম্পানির ফোনগুলি দেখতে পারেন।











