Reliance Jio, Airtel, এবং Vi এর মতো বেসরকারী টেলিকম সংস্থাগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় উপেক্ষিত হচ্ছে BSNL। তবে এবার BSNL কিছুটা চিন্তামুক্ত হবে। কারণ সরকার 2022 সালের কেন্দ্রীয় বাজেটে ভারত সঞ্চার নিগম লিমিটেডের জন্য একটি বড় উপহার দিয়েছে। আর্থিক দেনা থেকে বেরিয়ে এসে BSNL যাতে বেসরকারী টেলিকম সংস্থাগুলিকে টক্কর দিতে পারে সেইজন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 44,720 কোটি টাকার সহায়তা পাবে BSNL।
কেন্দ্রীয় বাজেট 2022-এ, কেন্দ্রীয় সরকার 2022-23 আর্থিক বছরে BSNL-কে 44,720 কোটি টাকার সাহায্যের কথা ঘোষণা করেছে। ABP News এ বাজেট নথির ভিত্তিতে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকার BSNL -এ 44,720 কোটি টাকার মূলধন যোগাবে। BSNL কোম্পানি এই অর্থ 4G পরিষেবা বিস্তারের জন্য ব্যবহার করবে যাতে সারা দেশে BSNL-এর 4G পরিষেবা পাওয়া যায়। এই অর্থ প্রযুক্তির মান উন্নয়ন ও পুনর্গঠনেও ব্যবহার করা হবে।
তবে শুধু 44,720 কোটি টাকাই নয় এর পাশাপাশি সরকারের থেকে VRS অর্থাৎ স্বেচ্ছাসেবী অবসর প্রকল্পের জন্য 3300 কোটি টাকাও পাবে BSNL। VRS স্কিমের জন্য মোট 7443.57 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা BSNL এবং MTNL উভয় সরকারি টেলিকম কোম্পানির কর্মীদের জন্য দেওয়া হবে। একই সময়ে, GST-এর জন্য BSNL-কে অতিরিক্ত 3550 কোটি টাকা প্রদান করা হবে। কেন্দ্রীয় সরকারের দেওয়া এই সাহায্য BSNL-এর জন্য খুবই লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।
বহুবার সাহায্য চেয়েছে BSNL
রিপোর্ট অনুযায়ী, 2019 সালের অক্টোবর মাসে লোকসানে ঘিরে থাকা সরকারি টেলিকম সংস্থা BSNL কে সরকারের তরফে 69000 কোটি টাকার আর্থিক সাহায্য করা হয়েছিল। এরপর গত বছর সেপ্টেম্বর মাসে BSNL 40,000 কোটি টাকার আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করেছিল। নতুন প্রযুক্তিতে বিনিয়োগ না করার কারণে BSNL ক্রমাগত তার গ্রাহকদের হারাচ্ছে। সারা দেশে যখন Jio, Airtel এবং Vi-এর মতো সংস্থাগুলি দেশে 5G- পরিষেবা চালু করার দিকে এগোচ্ছে তখন BSNL গ্রাহকরা এখনও 4G-পরিষেবাই ঠিক মতো পাচ্ছেন না।
পিছিয়ে আছে BSNL
বর্তমানে Jio, Airtel এবং Vi-এর গ্রাহক সংখ্যা BSNL এর তুলনায় অনেক বেশি। কিছুদিন আগেই বেসরকারী সংস্থাগুলি তাদের মোবাইল রিচার্জ প্ল্যানগুলিকে ব্যয়বহুল করেছে, যেখানে BSNL অনেক সস্তা রিচার্জ প্ল্যানের অফার দিয়ে গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য লড়াই চালিয়ে যাচ্ছে৷ কিন্তু তার পরেও BSNL-এ সেই অনেক সুবিধার অভাব রয়েছে যা Reliance Jio, Airtel, Vi তে নেই। যার মধ্যে অন্যতম হল 4G পরিষেবা।
এছাড়াও BSNL কোম্পানি তাদের নেটওয়ার্ক, কভারেজ, স্পেকট্রাম এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদানগুলি জোগাড় করতে পারছে না। অন্যদিকে, BSNL কর্মীদের শিথিল মনোভাবের জন্যও সাধারণ মানুষ বিরক্ত। বিভিন্ন এলাকা থেকে খবর পাওয়া যায় যে টাওয়ার, সার্ভার ও তারের সমস্যার পরে দীর্ঘ সময় কর্মীরা সেটা দেখতে আসে না। BSNL কোম্পানি যদি এই সব দিক গুলোর উপর গুরুত্ব দেয় এবং পরিষেবার মান আরও উন্নত করে, তাহলে অনেকেই Jio, Airtel এবং Vi ছেড়ে BSNL এর গ্রাহক হয়ে যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











