Home খবর বাজারে এল 1,34,166 টাকা দামের স্যাটেলাইট কানেক্টিভিটি সহ নতুন মোবাইল, টাওয়ার ছাড়াও করা যাবে কল

বাজারে এল 1,34,166 টাকা দামের স্যাটেলাইট কানেক্টিভিটি সহ নতুন মোবাইল, টাওয়ার ছাড়াও করা যাবে কল

দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL এবার আইফোনের চেয়েও দামী ফোন পেশ করেছে। কোম্পানির এই নতুন স্যাটেলাইট ফোনের দাম রাখা হয়েছে 1,34,166 টাকা। যেসব অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক একেবারেই কাজ করে না, সেখানেও এই ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। এই নতুন BSNL ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

BSNL Satellite Phone এর বিশেষত্ব

BSNL এর স্যাটেলাইট ফোনে ভালো ভয়েস কলিং, SOS এমার্জেন্সি সাপোর্ট এবং দীর্ঘ ব্যাটারি লাইফের পাশাপাশি স্ট্রং বিল্ড কোয়ালিটি সহ মজবুত বডি রয়েছে। এই ফোনটি গ্লোবাল স্যাটেলাইট নেটওয়ার্ক পার্টনার Inmarsat এর সঙ্গে হাত মিলিয়ে তৈরি করা হয়েছে। এই ফোনে GPS লোকেশন ট্র্যাকিং এবং এমার্জেন্সি অ্যাসিস্টেন্সের মতো ফিচার পাওয়া যাবে। যেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, এমন এলাকাতেও BSNL Satellite Phone সহজেই কল কানেক্ট করতে পারে। এমনকি উঁচু পর্বত ও মাঝ সমুদ্রেও নেটওয়ার্কের অভাবে কোনো সমস্যা হয় না।

ভারী বৃষ্টিপাত, অত্যন্ত গরম এবং হাড় কাঁপানো শীতেও ফোনটি যাতে ঠিকভাবে কাজ করে তাই এতে রাগেড বডি দেওয়া হয়েছে। এই ফোনটি প্রায় 55 ডিগ্রি সেলসিয়াস প্রখর গরম থেকে শুরু করে মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পর্যন্ত সহ্য করতে সক্ষম। IK04 রেটিঙের দৌলতে এই শক প্রুফ ফোনটি পাথরের সঙ্গে আঘাতেও সুরক্ষিত থাকবে। এই ফোনটির ব্যাটারি ফুল চার্জে কয়েক ঘন্টা পর্যন্ত ব্যাক‌আপ দিতে পারে। এই ফোনে Bluetooth, Micro-USB, অডিও এবং অ্যান্টেনা পোর্ট রয়েছে।

কারা কিনতে পারবেন BSNL Satellite Phone?

প্রথমেই জানিয়ে রাখি, স্যাটেলাইট ফোন আর পাঁচটা সাধারণ ফোনের চেয়ে যথেষ্ট আলাদা। এই ফোন কেনার জন্য‌ও কয়েকটি ধাপ এবং সরকারি অনুমোদন আবশ্যক। যে কোনো ব্যাক্তি চাইলেই এই ফোন কিনতে পারবেন না। এই BSNL Satellite Phone কেনার জন্য কাস্টোমার ভেরিফিকেশন এবং সরকার নির্ধারিত প্রক্রিয়া পুরণ করতে হবে। এই ফোনটি কিনতে ইচ্ছুক গ্ৰাহকদের বিএস‌এন‌এল অফিস বা ডেডিকেটেড নাম্বারে (9768866652) যোগাযোগ করতে হবে।

জানিয়ে রাখি সাধারণত সামরিক বাহিনী, সামুদ্রিক জাহাজ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, খননকার্য, রিমোট অপারেশন এবং অমরনাথ ধামের মতো তীর্থযাত্রার পাশাপাশি অ্যাডভেঞ্চার ট্রাভেলের ক্ষেত্রে এই ধরনের স্যাটেলাইট ফোন ব্যাবহার করা হয়। এই ধরনের এলাকায় যখন মোবাইল নেটওয়ার্ক থাকে না তখন স্যাটেলাইট ফোন যথেষ্ট উপযোগী হয়ে ওঠে। এই ফোন সরাসরি স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে কমিউনিকেশন স্থাপন করে।