প্রায়ই শোনা যায় শপিং সাইট থেকে একটি জিনিস অর্ডার করার পর হাতে এসে পৌঁছায় অন্য কোনো জিনিস। এই ধরনের ঘটনার কথা সামনে আসলে একদিকে যেমন শপিং সাইটের পলিসি প্রশ্নের মুখে দাঁড়ায় তেমনই আবার অনলাইন শপিঙের বিষয়ে সাধারণ মানুষের মনে ভয়ের সৃষ্টি হয়। এবার একটি নতুন ঘটনার কথা সামনে এসেছে যেখানে এক ব্যাক্তি ফ্লিপকার্টের Big Billion Days Sale এ Apple iPhone 12 অর্ডার করেন, কিন্তু তাঁর হাতে এসে পৌঁছেছে একটি Nirma সাবান।
iPhone 12 এর বদলে সাবান
সিমরনপাল সিংহ নামক এই ব্যাক্তি শপিং সাইট ফ্লিপকার্টে আয়োজিত বিগ বিলিয়ন ডেজ সেলে নিজের জন্য একটি Apple iPhone 12 অর্ডার করেছিলেন। তিনি প্রিপেইড অর্ডার করেছিলেন, অর্থাৎ ফোনটি বুক করার সময়েই তিনি ফোনের দাম মিটিয়ে দিয়েছিলেন। সিমরনপাল 3 অক্টোবর ফোনটি অর্ডার করেন। নির্দিষ্ট দিনেই ফোনটি ডেলিভারি করা হয়। কিন্ত ফোনের বাক্স খুলে দেখা যায় তাতে আইফোনের বদলে রয়েছে দুটি নিরমা সাবান।
বক্স খোলার সময় করে রাখেন ভিডিও
সিমরনপাল সিংহ এই ধরনের ফ্রড সম্পর্কে খুব ভালো মতো জানতেন, তাই তিনি ফ্লিপকার্টের ওপেন বক্স ডেলিভারি অপশন সিলেক্ট করেছিলেন। জানিয়ে রাখি, ওপেন বক্স ডেলিভারির ক্ষেত্রে কোম্পানির ডেলিভারি বয় নিজে হাতে গ্ৰাহকের সামনে দাঁড়িয়ে বক্স খুলে দেখিয়ে দেয় সব জিনিস ঠিকমতো আছে কি না। সিমরনপালের উপস্থিত বুদ্ধির কারণে এবং ফ্লিপকার্টের এই নতুন নিয়মের ফলে ডেলিভারি বয় নিজেই বাক্স খোলে। সেও দেখে অবাক হয়ে যায় যে বক্সে iPhone 12 এর বদলে সাবান পড়ে আছে।
এছাড়াও যখন বক্স খোলা হচ্ছিল তখন সিমরনপাল সেটি নিজের ফোনে ভিডিও করে রাখেন। বক্স হাতে পাওয়া থেকে শুরু করে তার ভেতর থেকে সাবান বেরোনো পর্যন্ত সমস্তটাই ধরে রাখেন। ফলে প্রমাণ হয়ে যায় এই ভুল বা জোচ্চুরি কোম্পানির ঘরেই করা হয়েছে এবং সিমরনপালকে ঠকানো হয়েছে।
Flipkart এর প্রতিক্রিয়া
Apple iPhone 12 এর বদলে নিরমা সাবান পাওয়ার কথা সিমরনপাল ফ্লিপকার্টে কল করে জানান। তিনি জানিয়েছেন, প্রথমে তাঁর কথায় কোনো পাত্তা দেওয়া না হলেও বেশ কয়েকবার কল ও তথ্যপ্রমাণ পেশ করার পর তার কথায় গুরুত্ব দেওয়া হয় এবং ফ্লিপকার্টের পক্ষ থেকে এই অর্ডার ক্যানসেল করে দেওয়া হয়। কয়েক দিনের মধ্যেই তাকে তাঁর টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা একদিকে যেমন অনলাইন শপিং সিস্টেমকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে তেমনই আবার সাধারণ মানুষের এর থেকে শিক্ষা নেওয়া দরকার কিভাবে এই ধরনের ফ্রড থেকে বাঁচতে হয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









