50 বছর আগে শুরু হয়েছিল Nokia Snake Game-গেমের পথ চলা, আজ‌ও যথেষ্ট জনপ্রিয় এই মোবাইল গেম

আজকের দিনে দাঁড়িয়ে গোটা বিশ্ব মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে। হেভি প্রসেসর ও বড় ডিসপ্লে সহ ফোনে বর্তমানে মানুষজন হাই গ্ৰাফিক্স সহ BGMI, Call Of Duty ও Genshin Impact এর মতো গেম খেলে থাকেন। তবে আমাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না মোবাইল গেমিঙের সূচনা কোন গেমটির হাত ধরে হয়েছিল এবং কবে, কোথায় ও কিভাবে এই গেমটি প্রকাশ্যে এসেছিল। চলুন ঘুরে আসা যাক মোবাইল গেমের এক মজার ইতিহাস থেকে।

এখানে এমন একটি গেমের কথা বলা হচ্ছে যেটি খেলা অত্যন্ত সহজ এবং এটি মোবাইল গেমিঙের ইতিহাসে এক অন্যতম মাইল ফলক। এর পর থেকেই ফোনে গেম খেলার প্রচলন শুরু হয়। আমরা প্রায় সকলেই কখন‌ও না কখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় Snake গেম খেলেছি। 1997 সালে এই রেট্রো গেমের সুচনা হয়েছিল এবং আজ‌ও এই গেমটি মানুষের স্মৃতিতে জীবন্ত হয়ে রয়েছে। 2007 সালে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জগতে ফোনটি পা রেখেছিল, তবে আজ 2026 সালে দাঁড়িয়েও বহু ইউজার এই গেম খেলেন।

কেমন ছিল Snake গেম?

Snake গেম প্রথমে একটি ছোট পিক্সেল থেকে শুরু হয়, যা ব্লিঙ্ক করতে থাকে। ছোট ছোট ডট এগিয়ে গিয়ে অপর ডটের সঙ্গে মিশে ক্রমশ সাপের মতো হয়ে যায়। এখানে পরবর্তী ডটগুলি সাপের খাবার হিসাবে ফুটে উঠত এবং সাপটি যত খাবার খেত, সেটি তত‌ই লম্বা হয়ে যেত। খাবার খেতে খেতে সাপ যখন অনেকটা লম্বা হয়ে যেত তখন হয় সেটি নিজেকেই কামড়ে দিত অথবা স্ক্রিনের কিনারায় ধাক্কা খেত এবং এর ফলে গেম শেষ হয়ে যেত। গেমে সাপ যত লম্বা হত, তত বেশি পয়েন্ট পাওয়া যেত। এই গেমের ক্লাসিক সাউন্ড এবং সহজ কন্ট্রোলের কারণে গেমটি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল।

সেই সময় ফোনে ছোট ও সাদা-কালো স্ক্রিন থাকত এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয় ‘স্নেক’ ছিল একটি আদর্শ গেম। সবচেয়ে বড় কথা ফোনের কীপ্যাডের 2, 8, 4 ও 6 ছাড়া নেভিগেশন প্যাড ব্যাবহার করেও এটিএর মধ্যে অনায়াসে খেলা যেত। 2 টিপলে ওপরে, 8-এর মাধ্যমে নিচে, 4-এর সাহায্যে বাঁদিকে এবং 6 টিপলে সাপটি ডানদিকে যেত। এভাবে ছোট ফোনেও গেমটি সহজেই খেলা যেত।

কোথা থেকে এল ‘স্নেক’ গেমের আইডিয়া?

নোকিয়া মোবাইলের জন্য এই গেমটি তৈরি করেছিলেন সুইডিশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার Taneli Armanto। তিনি কোনো পেশাদার গেম ডেভেলপার ছিলেন না, তবুও তাঁর তৈরি এই গেমটি ইতিহাসে জায়গা করে নিয়েছে। তিনি ফোনের ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট স্ক্রিন এবং কম মেমরির কথা মাথায় রেখে এই গেমটি ডিজাইন করেছিলেন। তবে এই গেমটি আরও পুরনো একটি গেম ‘Blockade’ দ্বারা অনুপ্রাণিত ছিল।

‘Blockade’ গেমটি ডিজাইন করেছিল Gremlin নামক এক সংস্থা এবং ভিডিও গেমটি প্রকাশ্যে আসে 1976 সালে। এটিও ছিল একটি আর্কেড গেম, যা দুজন প্লেয়ার মিলে খেলতে হত এবং এতে স্নেক ডট এগিয়ে নিয়ে যেতে হত। তবে এখানে একটি অ্যারো চিহ্ন থাকত ও এটি দেখে এগিয়ে যেতে হত। প্রতিটি অ্যারোর সঙ্গে সঙ্গে ডট আরও লম্বা হয়ে যেত। দেওয়াল বা অন্য প্লেয়ারের সঙ্গে ধাক্কা লাগলে গেম শেষ হয়ে যেত। স্নেক গেমের ক্ষেত্রেও এমনটাই হত। 1991 সালের Worm গেমটিও কিছুটা এমনই ছিল, তবে এটির গ্ৰাফিক্স আরও ভালো ছিল।

নোকিয়ার স্নেক গেমটিও এই গেম থেকেই অনুপ্রাণিত ছিল, তবে এই গেমের চ্যালেঞ্জ ছিল আরও বেশি। এই গেমটি যেমন ছোট স্ক্রিনে রান করাতে হয়েছে, তেমনই ফোনের মেমরিও ছিল কম। এছাড়াও এমন একটি ডিভাইসের জন্য এই গেম ডিজাইন করতে হয়েছে, যা মূলত যোগাযোগের জন্য ব্যাবহৃত হত। তবে Armanto তাঁর কাজে সফল হন এবং ইতিহাসের পাতায় স্থান করে নেন। এই কারণে তাকে 2005 সালে Mobile Entertainment Forum এর পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

সেই সময় তাকে স্নেক গেমের পাশাপাশি ‘লজিক’ এবং ‘মেমরি’ নামের আরও দুটি গেমের টাস্ক দেওয়া হয়েছিল। তবে সাধারণ মানুষ স্নেক গেমটিকে সবচেয়ে বেশি পছন্দ করে এবং এই গেমের জন্য নোকিয়া ফোনের জনপ্রিয়তা প্রচুর বেড়ে যায়।

শুরু থেকে শেষ: স্নেক গেমের ইতিকথা

1997 সালে Nokia তাদের 6110 ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটিতে প্রথম Snake গেম প্রি-ইনস্টল করে দেওয়া হয়েছিল। এই গেমটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে এর পর থেকে নোকিয়া তাদের প্রতিটি ফোনেই এই গেম যোগ করতে থাকে।

এর এক বছর পর অর্থাৎ 1998 সালে Nokia 7110 ফোনটি পেশ করা হয়েছিল। এতে লোকাল টু-প্লেয়ার ভার্সন দেওয়া হয়। এই ভার্সনে দুইজন খেলোয়াড় ইনফ্রারেডের মাধ্যমে তাদের ফোন কানেক্ট করে এক সঙ্গে স্নেক গেম খেলতে পারতেন।

আবারও এক বছর পর এই গেমের নতুন আপগ্ৰেডেড ভার্সন পেশ করা হয়। 1999 সালে Nokia 3310 ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং এই ফোনে প্রথম বোনাস ও গোলকধাঁধার মতো সেগমেন্ট যোগ করা হয়। এই ফোনটি চরম জনপ্রিয়তা লাভ করে সেই সময় গোটা বিশ্বে সবচেয়ে বেশি বিক্রিত ফোনের তকমা পেয়েছিল। ফোনটির জনপ্রিয়তার পেছনে অন্যান্য ফিচারের পাশাপাশি স্নেক গেমের অবদান ছিল অনস্বীকার্য।

এর পর নোকিয়া ফোনের পতনের সঙ্গে সঙ্গে স্নেক গেম‌ও হারিয়ে যেতে থাকে এবং শুধুমাত্র মানুষের স্মৃতিতেই এই গেমের অস্তিত্ব থেকে যায়। পরবর্তী সময়ে HMD ব্র্যান্ডের হাতে নোকিয়ার অধিকার চলে গেলে 2017 সালে আবার Nokia 3310 ফোনটির নতুন ভার্সন লঞ্চ করা হয় এবং এই ফোনে গেমের আপডেটেড ভার্সন Snake Xenzia পেশ করা হয়েছিল। সুন্দর ভিজুয়াল এবং কন্ট্রোলের সঙ্গে এই গেমটি আবারও শিরোনামে উঠে আসে। তবে এবার শুধুমাত্র ইন্টারনেট পোস্ট, পুরনো ভিডিও এবং আর্টিকেলের মধ্যেই এই গেম সীমাবদ্ধ থাকে।

আজকের দিনে দাঁড়িয়ে PUBG Mobile, Free Fire, Genshin Impact এবং Call of Duty এর মতো গেমগুলি জনপ্রিয় হলেও, মোবাইল গেমের সূচনা এবং আসক্তির কথা উঠলে ‘স্নেক’ গেমের প্রসঙ্গ উঠে আসবেই।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here