গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ভারত সহ গ্লোবাল মার্কেটে আইফোন 17 সিরিজ লঞ্চ হয়েছে। নতুন আইফোন মডেলগুলি বাজারে যথেষ্ট নজরও কেড়েছে। তবে এর পর থেকে টেক জগত যেন কিছুটা ঝিমিয়ে পড়েছে। আপাতত দীপাবলি পর্যন্ত তেমন কোনো বড় স্মার্টফোন লঞ্চ হবে না। তবে আগামী নভেম্বর থেকে স্মার্টফোন মার্কেট আরও একবার নড়েচড়ে বসবে। ভারতে যেমন শীতের প্রকোপ বাড়বে তেমনই ক্রমশ গরম হয়ে উঠবে দেশের মোবাইল বাজার। আগামী তিন মাসে এমন কিছু নতুন স্মার্টফোন লঞ্চ হবে যা নতুন রেকর্ড গড়ার পাশাপাশি মোবাইল জগত বদলে দেবে। এই পোস্টে আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে আসন্ন এমনই কয়েকটি সেরা স্মার্টফোন সম্পর্কে আলোচনা করা হল।
Realme GT 8 Pro
রিয়েলমি গত বছর তাদের Realme GT 7 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই ফোনটির আপগ্ৰেডেড ভার্সন হিসাবে Realme GT 8 Pro পেশ করা হবে। এই ফোনটি অত্যন্ত শক্তিশালী হবে এবং গেমারদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। এই ফোনে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী প্রসেসর Snapdragon 8 Elite Gen 5 যোগ করা হবে। এর সঙ্গে এতে 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে 200MP ক্যামেরার সঙ্গে 50MP OIS সেন্সর এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। Realme GT 8 Pro ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 8,000mAh ব্যাটারি থাকতে পারে।
iQOO 15
নভেম্বর মাসেই আইকু তাদের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন iQOO 15 পেশ করবে। এই ফোনেও Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হবে। 4.6GHz ক্লক স্পীডযুক্ত এই অক্টাকোর প্রসেসর যথেষ্ট শক্তিশালী হতে চলেছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি 12GB এবং 16GB RAM অপশনে পেশ করা হবে। এতে 512GB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। iQOO 15 ফোনে 6.85-ইঞ্চির 2K Everest AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি থাকতে পারে।
Oneplus 15
Oneplus খুব তাড়াতাড়ি তাদের শক্তিশালী Oneplus 15 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। ফোনটি সম্ভবত 13 নভেম্বর পেশ করা হবে। Oneplus 15 ফোনে 6.78 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 165Hz রিফ্রেশ রেটযুক্ত 2k ডিসপ্লে যোগ করা হতে পারে। আমরা জানি ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে সবচেয়ে শক্তিশালী কোয়ালকম চিপসেট যোগ করে থাকে। এই রীতি বজায় রেখেই OnePlus 15 ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে। এছাড়াও এই ফোনটি 16GB এবং 24GB RAM সহ 512GB ও 1TB স্টোরেজ অপশনে সেল করা হতে পারে।
অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি এই ফোনে micro-arc oxidation ট্রিটমেন্ট ব্যাবহার করা হতে পারে। কোম্পানি জানিয়েছে এই অ্যালুমিনিয়াম সাধারণ অ্যালুমিনিয়ামের চেয়ে 3.4 গুণ বেশি এবং টাইটেনিয়ামের। চেয়ে 1.5 গুণ বেশি শক্ত। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এবার কোম্পানির পক্ষ থেকে নতুন ক্যামেরা টেকনোলজি ব্যাবহার করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
OPPO Find X9 Pro
নভেম্বর মাসের শেষের দিকে OPPO তাদের Find X9 Pro ফোনটি লঞ্চ করতে পারে। এই মাসেই চীনে এই ফোনটি পেশ করা হবে, তবে ভারতে আসবে আগামী মাসে। লিস্টের অন্যান্য ফোনগুলিতে কোয়ালকম চিপসেট থাকলেও এই OPPO ফোনটিতে ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হবে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেট 4.21GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনে 6.78-ইঞ্চির 1.5K LTPO OLED ডিসপ্লে থাকতে পারে। গত বছর কোম্পানি তাদের OPPO Find X8 Pro ফোনে অসাধারণ ক্যামেরা সেটআপ যোগ করেছিল। তাই এবারও এমনটাই আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য আপকামিং OPPO Find X9 Pro ফোনে 50MP প্রাইমারি LYT828 সেন্সর , 200MP Periscope HP5 লেন্স, 50MP Ultra Wide অ্যাঙ্গেল লেন্স এবং 2MP True Chroma সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7500mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই ফোনটির সঙ্গেই OPPO Find X9 স্মার্টফোনও পেশ করা হতে পারে।
vivo X300 Pro
ভিভোর এক্স সিরিজের স্মার্টফোন ক্যামেরার জন্য যথেষ্ট সুপরিচিত। vivo X100 Pro ফোনটি দীর্ঘদিন ধরে শিরোনামে ছেয়ে ছিল। vivo X200 Pro ফোনের ক্যামেরা বিভিন্ন দিক থেকে আইফোনকেও টক্কর দিয়েছে। লঞ্চের প্রায় এক বছর কেটে যাওয়ার পরও এই ফোনটির ক্যামেরাকে টেক্কা দেওয়ার ক্ষমতা খুব কম ফোনেরই রয়েছে। এবার এই ফোনটির সাক্সেসার হিসাবে vivo X300 Pro ফোনটি বাজারে আসতে চলেছে।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং vivo X300 Pro ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর যোগ করা হবে। এই শক্তিশালী প্রসেসর গেমিং থেকে শুরু করে গেমিং পর্যন্ত সবকিছু স্মুথলি সামলাতে সক্ষম। এই ফোনে 16GB RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। ফোনটিতে কোম্পানির ইন-হাউস V3+ ইমেজিং চিপ যোগ করা হতে পারে। Vivo X300 Pro ফোনে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে। এর সঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে দুটি 50MP ক্যামেরা সেন্সর থাকতে পারে। এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। আগামী ডিসেম্বর মাসে ভারতে এই ফোনটি লঞ্চ করা হতে পারে।














